মেট্রোরেল চলবে ৪ ঘণ্টা
আগামী ২৮ ডিসেম্বর বহুল প্রতীক্ষিত এ মেট্রোরেল উদ্বোধনের পর প্রাথমিকভাবে সীমিত পরিসরে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত চলবে এ উড়াল ট্রেন। এ পথের দূরত্ব ১১ দশমিক ৭৩ কিলোমিটার। উদ্বোধনের দিনই এ দুটি স্টেশন খুলে দেওয়া হবে।
প্রতিদিন চার ঘণ্টা চলবে মেট্রোরেল। তবে মেট্রোরেল প্রতিদিন এই চার ঘণ্টা একটানা চলবে নাকি সকাল–বিকেল দুই ভাগে চার ঘণ্টা চালানো হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, যাত্রীদের চাহিদা অনুযায়ী পরবর্তীসময়ে এ শিডিউল ঠিক করা হবে।
সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা জানিয়েছেন, সরকার মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছে ২০ টাকা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। প্রথম পর্যায়ে মেট্রোরেল যে অংশে চলাচল শুরু করবে, সেই উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত যাত্রীপ্রতি ভাড়া হবে ৬০ টাকা।
এছাড়া উত্তরা উত্তর স্টেশন থেকে উত্তরা সেন্টার (মধ্য) ও উত্তরা দক্ষিণ স্টেশনের ভাড়া হবে একই ২০ টাকা। উত্তরা উত্তর থেকে পল্লবী ও মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
আরও পড়ুনঃ আওয়ামী লীগের নেতৃত্বে ফের শেখ হাসিনা





